পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এক-এগারোর কুশীলবরা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগের অপেক্ষায় আছে কখন ছোবল মারবে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, ‘জিল্লুর রহমানের কাছ থেকে আজকের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। সংকটে-সংগ্রামে-প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে ধৈর্যহারা না হয়ে অবিচল থাকতে হয়, নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে হয়, তার উদাহরণ তিনি।’
মন্ত্রী বলেন, ‘ওয়ান-ইলেভেনের ঘটনায় গণতন্ত্রকে যেভাবে শেকল পরানো হয়েছিল, একজন শেখ হাসিনা না থাকলে গণতন্ত্রকে মুক্ত করা সম্ভবপর ছিল না। যারা এক-এগারোর কুশীলব ছিলেন তারা জাতিকে এখনো মাঝেমধ্যে জ্ঞান দেন। টেলিভিশনের পর্দায়, পত্রিকার পাতায় তারা এ জ্ঞান দিয়ে যাচ্ছেন। গত নির্বাচনের আগেও তারা সক্রিয় হয়েছিল, যদি কিছু করা যায় সেই আশায়। কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতা ও রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি-জামায়াত অপশক্তি যেমন পরাজিত হয়েছে, তেমনি এ কুশীলবদের স্বপ্নও ধূলিসাৎ হয়েছে।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন জিল্লুর রহমান পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। তিনি জিল্লুর রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের অনুসরণীয় নানা দিক নিয়ে আলোকপাত করেন।










