মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা যে টাকা দিয়ে গুঁড়া দুধ আমদানি করি, সেই টাকা দিয়ে অনেকগুলো চিলিং সেন্টার (সংরক্ষণাগার) করতে পারি। কেন আমরা সেটি করছি না? এটি আমরা সরকারিভাবে করার চেষ্টা করব। পাশাপাশি বেসরকারি খাতেও আমরা উৎসাহ দেব, যাতে তারা সেটা করে।’
গতকাল সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর স্কুল মাঠে গবাদি পশুর রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘রফতানি করার জন্য ক্ষুরা রোগের (এফএমডি ভাইরাস) টিকা দেয়া হচ্ছে বিষয়টা এমন নয়। আমরা যদি গরু, ছাগল, হাঁস-মুরগি পালন করি—তাদেরও প্রাণ আছে। কোনো রোগ হলে তাদেরও কষ্ট হয়। কোনো রোগেই যেন প্রাণীর কষ্ট না হয়, এজন্যই আমরা ভ্যাকসিন দেব। শুধু মাংস ভালো পাওয়ার জন্য কিংবা রফতানি করার জন্য নয়।’
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমানসহ দুই শতাধিক খামারি উপস্থিত ছিলেন।










