বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ তাদের অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয়। তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সর্তক থাকতে হবে।’

গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক সেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমুখ।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী করে না, বরং ধৈর্য, সহনশীলতা ও সহ-অবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে মঈন খান বলেন, ‘যারা অতীতে অন্যায় করেছে, তাদের কৃতকর্মের জন্য আমরা কোনো অনুশোচনা দেখিনি। তারা এখন বিদেশী শক্তির সহায়তায় ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সে স্বপ্ন আর পূরণ হবে না।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার নামে একটি পরিবার দেশে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হরণ করেছে। অর্থ পাচার ও লুটপাট চালিয়েছে।’

সাবেক মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীকে আধুনিক রূপগঞ্জের স্বপ্নদ্রষ্টা আখ্যা দিয়ে মঈন খান বলেন, ‘মতিন চৌধুরীই শীতলক্ষ্যা নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন, যা রাজধানীর সঙ্গে রূপগঞ্জের যোগাযোগ সহজ করেছে। অথচ সে ব্রিজে তার নাম নেই। বিএনপি ক্ষমতায় গেলে ব্রিজটি মতিন চৌধুরীর নামে করা হবে।’

রোজার আগেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে কোনো অন্যায় বা দুর্নীতির সঙ্গে আপস করবে না। জনগণের অধিকার নিশ্চিত করতে জনভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবে।’