রংপুরে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকালে তিনটি বেসরকারী ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাছ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেতোয়ালী থানায় অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেতপট্টিস্থল ডাচ্ বাংলা ব্যাংক, ওয়ালটন মোড়ের যমুনা ব্যাংকে অভিযান চালায় পুলিশ। পৃথক অভিযানে পুলিশ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিরাপত্তারক্ষী শাহাদাত হোসেন (২৬) ও যমুনা ব্যাংকের নিরাপত্তারক্ষী জহুরুল হককে (২৭) অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাচ বাংলা ব্যাংকের নিরাপত্তারক্ষী মোশফেকুর রহমান অস্ত্র রেখে পালিয়ে যান। তিন নিরাপত্তারক্ষীই রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা এবং তাদেরকে এলিট সিকিউরিটি ফোর্স ও বিগ সিকিউরিটি এন্ড লজিস্টিকস সার্ভিস লিমিটেড থেকে ব্যাংকগুলোতে নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়।

কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। আসামী দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মোশফেকুরকে গ্রেফতারের অভিযান চলছে।