বস্তিবাসীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি। তিনি গতকাল ভাসানটেক বিআরপি প্রকল্প পরিদর্শন শেষে জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা মসজিদসংলগ্ন পানির পাম্প উদ্বোধন ও বস্তিবাসীদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় আমি ভাসানটেক বিআরপি প্রকল্প নিয়ে আপনাদের কথা দিয়েছিলাম সব বস্তিবাসীকে পুনর্বাসনের আওতায় আনা হবে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভাসানটেক বস্তিবাসীদের পুনর্বাসনে কথা বলেছি। প্রধানমন্ত্রী দ্রুত বিআরপি প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। পুনর্বাসনের আগে ভাসানটেক বস্তির একটি ঘরও উচ্ছেদ করা হবে না। আগে পুনর্বাসন তারপর উচ্ছেদ।’