তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পরেও বিরোধী অপশক্তি এখনো সক্রিয়। তারা দেশের উন্নয়ন অগ্রগতিতে খুশি নয়। আজ শুক্রবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির রক্ষাকবচ এবং প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তারা নানা সময় দেশের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে, কভিডের সময় বিভ্রান্তি ছড়িয়েছে, পদ্মা সেতু নির্মাণের সময় বিভ্রান্তি ছড়িয়েছে, এখন তারা দেশের মানুষকে নিয়ে মশকরা শুরু করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ পৃথিবীর সামনে একটি মর্যাদাশীল রাষ্ট্র। মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৬০০ ডলারের কাছাকাছি, যেটি ভারতকেও ছাড়িয়ে গেছে। ২০২০-২১ অর্থবছরে পৃথিবীর মাত্র ২০টি দেশে পজিটিভ জিডিপি গ্রোথ হয়েছিল, তৎমধ্যে বাংলাদেশ একটি। আশপাশের সব দেশে নেগেটিভ জিডিপি গ্রোথ ছিল ২০২০-২১ অর্থবছরে। আমাদের উপরে মাত্র দুটি দেশ ছিল সাউথ সুদান ও গায়েনা। তাদের অর্থনীতি আমাদের চেয়ে অনেক ছোট অর্থনীতির দেশ, সেখানে জনসংখ্যাও অনেক কম। সেই বিবেচনায় ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল পৃথিবীতে এক নাম্বারে।

তিনি আরো বলেন, কভিড এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে দ্রব্যের মূল্য বেড়েছে। ইউরোপের প্রধান খাদ্যপণ্য রুটির মূল্য ৭৯ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সেখানে অন্যান্য ভোগ্য পণ্যের দাম গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। একইভাবে আমেরিকা, ভারত, পাকিস্তানেও বেড়েছে। শ্রীলঙ্কায় তেলের জন্য লাইন ধরতে গিয়ে লাইনের মধ্যে পিষ্ট হয়ে কয়েকজন মারা গেছেন বলেও মন্ত্রী জানান।

চট্টগ্রাম নগরীর ষোলশহরের এলজিইডি অডিটোরিয়ামে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মো. মঈন উদ্দিন, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলামসহ অনান্যরা।