চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে দায়িত্ব পালনরত অবস্থায় রুহুল আমীন নামের এ কর্মকর্তার মৃত্যু হয়।

রুহুল আমীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ও স্থলবন্দর ব্যবস্থাপক মাইনুল ইসলাম। 

মৃত কর্মকর্তা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত ছিলেন। তিনি যশোরের শার্শা উপজেলার বেনাপোল এলাকার কোরবান আলীর ছেলে।

তার মৃত্যুর বিষয়ে সাজ্জাদ হোসেন ও মাইনুল ইসলাম জানান, রুহুল আমীন দুপুরে সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে রুহুল আমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি সাজ্জাদ জানিয়েছেন।