বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচনী অফিসে ভাংচুরের অভিযোগ উঠেছে। এছাড়া নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেছেন তিনি। গতকাল বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এমএএইচ সেলিম।

তিনি বলেন, ‘বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আমাদের নির্বাচনী প্রচার-প্রচারণায় কতিপয় সন্ত্রাসী বাহিনী বাধা দিচ্ছে। সদর উপজেলার যাত্রাপুর নির্বাচনী অফিসে তালা লাগিয়ে দেয়া হয়েছে। এছাড়া অফিসে আগুন ধরিয়ে দেয়া হয় এবং প্রচারণার মাইক ভাংচুর করে নেতাকর্মীদের হুমকি-ধমকি দেয়া হয়েছে।’

এমএএইচ সেলিম বলেন, ‘এসব বিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এ অবস্থা বিরাজ করলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।’

প্রধান নির্বাচন কমিশনের কাছে আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবিও জানান তিনি।

এ ব্যাপারে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’