অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ। ১৮৭৩ সালের এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ফজলুল হক পরিচিত ছিলেন ‘শেরেবাংলা’ (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে।

প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিক অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কৃষকদের কথা চিন্ত করে, কৃষকের দুঃখ মোচনে ঋণ সালিশি আইনসহ বেশ কয়েকটি আইন পাস করেন তিনি। কৃষির আধুনিকায়নের জন্য প্রতিষ্ঠা করেন ‘দ্য বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট’, যার বর্তমান নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

একমাত্র রাষ্ট্রপতি হওয়া ছাড়া সম্ভাব্য সব ধরনের পদে তিনি অধিষ্ঠিত ছিলেন জীবনের কোনো না কোনো সময়ে। তিনি ছিলেন বাংলার প্রথম প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার তৃতীয় মুখ্যমন্ত্রী, পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

১৯৫৮ সালের ২৭ অক্টোবর আবুল কাশেম ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাব দেয়া হয়।

১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান শেরেবাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে। তাদের তিনজনের সমাধিস্থলই ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত।