দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করতে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এ বিনিয়োগের বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়।

বিডার ইনভেস্টমেন্ট প্রমোশন উইংয়ের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রবাসীরা জানান, বিশাল অঙ্কের এ বিনিয়োগ কেবল আর্থিক সংযোজন নয়; বরং এর মাধ্যমে দেশে নতুন শিল্পের বিকাশ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির প্রসার ও বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রবাসী উদ্যোক্তাদের সম্ভাব্য বিনিয়োগের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে আধুনিক ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড প্রসেসিং, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল ভাড়া ব্যবস্থাপনা। তবে এ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে বেশ কিছু নীতিগত ও কাঠামোগত সুবিধা চেয়েছেন তারা। এসব দাবির মধ্যে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য পৃথক ওয়ান-স্টপ সার্ভিস চালু, দীর্ঘমেয়াদি সরকারি জমি বরাদ্দ, দ্রুততম সময়ে লাইসেন্স প্রদান এবং লভ্যাংশ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করার বিষয়টি উল্লেখযোগ্য। পাশাপাশি বিনিয়োগকারীদের সম্পদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ সেল গঠনেরও জোরালো প্রস্তাব দেয়া হয়েছে।

সভায় নিজেদের বিনিয়োগ সুবিধার বাইরেও সাধারণ প্রবাসীদের সার্বিক কল্যাণে ১৫ দফা দাবি তুলে ধরেছেন এ উদ্যোক্তারা। এর মধ্যে প্রবাসীদের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু, সম্পূর্ণ সরকারি খরচে মৃতদেহ দেশে আনা, রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি এবং সাশ্রয়ী বিমানভাড়ার ব্যবস্থা করার মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

প্রতিনিধিদলের পক্ষে মোহাম্মদ রুবেল সিআইপি জানান, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান অংশীদার, তাদের কেবল রেমিট্যান্সের উৎস হিসেবে দেখলে চলবে না। প্রয়োজনীয় আইনি সুরক্ষা ও কাঠামোগত সুবিধা নিশ্চিত করা হলে এ বিপুল বিনিয়োগ দ্রুতই বাস্তবে রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় প্রবাসী প্রতিনিধিদলের পক্ষে অন্যের মধ্যে ছিলেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব, শিবলী আল সাদিক, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ মনজুরুল হক, মোহাম্মদ শামসুজ্জামান, মোহাম্মদ শফিকুল ইসলাম রাহী, মোহাম্মদ নাজিম উদ্দিন এবং ব্যবসায়ী মাহমুদুল হাসান ও মোহাম্মদ এনামুল হক। অন্যদিকে বিডা ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক তাজমহল বেগম ও মো. স্টেক মিরাজুল ইসলাম খান, উপপরিচালক শেখ রাসিবুল ইসলাম, সহকারী পরিচালক মো. আশরাফুল আলম লিংকন ও এস এম রাফিও মোর্শেদ। এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে বিডায় সংযুক্ত যুগ্ম পরিচালক জোনায়েদ সিয়াম ও আবদুল্লাহ শিহার সভায় অংশগ্রহণ করেন।