গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ৫০ বছরের দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের আলোকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণের লক্ষ্য নিয়ে ২১ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এ সময়োপযোগী ও মহৎ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা, টেকসই উন্নয়ন ও প্রজন্মান্তরে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।

এ কর্মসূচি ঘিরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বৃহৎ অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে নতুন কৃষি অনুষদ ভবন চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে নতুন কৃষি অনুষদ সংলগ্ন স্থানে একটি বকুল গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম. ময়নুল হক, ট্রেজারার ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক ড. নাসরীন আক্তার আইভী, কমিটির সদস্য সচিব ড. মো. আবিয়ার রহমান, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধাসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

বৃক্ষরোপণ শেষে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের সামনে এ কর্মসূচির ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার ও পরিচালকরা। বক্তব্যে তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় ও মানবকুলের জন্য বৃক্ষের বহুমুখী প্রয়োজনীয়তা ও অবদানের কথা তুলে ধরেন।

উপাচার্য বলেন, “‘বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের মহাপরিকল্পনার আওতায় পরিবেশবান্ধব অবকাঠামো, সবুজায়ন, সৌরশক্তি ব্যবহার ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ সেই বৃহৎ স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান, আর সেই প্রাণের গভীরে প্রকৃতির অবিচ্ছেদ্য সংযোগ থাকা আবশ্যক।’

এরপর অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ সচেতনতামূলক প্রচারপত্র ও বৃক্ষরোপণ-বিষয়ক নির্দেশিকা বিতরণ করা হয়।