মৌলভীবাজারের কুলাউড়ায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও আহত হয়েছেন আরো ছয় যাত্রী।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাটেরার ইউনিয়নের হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে রেল যোগাযোগ।
এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একটি লেভেল ক্রসিংয়ে মাইক্রোবাস উঠে যায়।
এ সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেন যাত্রীবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এবং টেনেহিঁচড়ে অনেক দূর নিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
আহত হন ছয়জন।
নিহতরা হলেন সিলেট নগরের লোহারপাড়ার ফরিদ উদ্দিন (৫২) ও তার ভাতিজা চার বছরের শিশু আফিফ উদ্দিন।
আহতরা হলেন নিহত ফরিদ উদ্দিনের বড় মেয়ে রেজওয়ানা রিজু (২৪), ছোট
ছেলে লাবিব উদ্দিন (৬), ফরিদ
উদ্দিনের ভাই কামাল উদ্দিন (৩৫), স্ত্রী
রুমি বেগম (৩৪), কামালের
বোন লিলি বেগম (৫৫), তার
মেয়ে রাবেয়া বেগম (২৪)।
এ সময় স্থানীয়রাসহ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠায়।
তাদের সবার বাড়ি সিলেট নগরীর বিভিন্ন এলাকায়।
ভাটেরা ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ এ কে নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










