এক যুগেও যশোর মেডিকেল কলেজে হাসপাতাল নির্মাণ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘এত সময়েও একটি গুরুত্বপূর্ণ জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল না হওয়া দুঃখজনক। নিশ্চয়ই এটির আবেদন প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে। সরকার জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে খুবই আন্তরিক। আশা করছি শিগগিরই যশোরবাসীর এ দাবি বাস্তবায়ন হবে।’ 

গতকাল সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিকালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে যশোর জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতিবিষয়ক মতবিনিময় সভা শুরু হয়। সভায় জেলার শীর্ষ কর্মকর্তারা তাদের দপ্তরের নানা উন্নয়ন ও সমস্যার কথা মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরেন। 

সভায় বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস প্রমুখ। 

মতবিনিময় সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন যশোরের প্রাচীন ও ঐতিহ্যবাহী কালেক্টরেট ভবন ও  ভবনের দেয়ালের টেরাকোটায় ফুটিয়ে তোলা মহান মুক্তিযুদ্ধকালীন শরণার্থীদের দুর্দশা আর যুদ্ধ বিভীষিকার গল্প ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ পরিদর্শন করেন। এছাড়া সংস্কার ও দৃষ্টিনন্দন করা কালেক্টরেট পুকুরটিতে শোভা পাওয়া পদ্মফুল আর পুকুরজুড়ে লুটোপুটি খেলে বেড়ানো রঙিন মাছ অবলোকন করেন মন্ত্রিপরিষদ সচিব। সম্প্রতি পুকুরটি সংস্কার করায় জেলা প্রশাসন তমিজুল ইসলাম খানের প্রশংসা করেন মন্ত্রিপরিষদ সচিব।