সৌরবিদ্যুতের প্রসারে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৯টি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে বলে প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থাপিত সৌর প্রকল্পের মাধ্যমে মোট ৩ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বর্তমানে ২ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

গতকাল বুয়েটের কাউন্সিল ভবনে সোলার প্রজেক্টের সিওডি (কমার্শিয়াল অপারেশনে ডেট) উদ্বোধন করা হয়। সেখানেই এসব তথ্য তুলে ধরেন প্রকল্পসংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জানানো হয়, সৌরবিদ্যুতের এ প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ বছরে বুয়েট প্রায় ১২ কোটি টাকা সাশ্রয় করবে। ২৫ বছরে বুয়েট নিজস্ব জনবল দিয়ে প্রকল্পটি পরিচালনা করলে এ পরিমাণ বেড়ে দাঁড়াবে ২৫ কোটি টাকা। প্রতি বছর বিদ্যুৎ খরচ ৫০ লাখ টাকা সাশ্রয়ী হবে বুয়েটের। প্রকল্প সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে পিএসএল এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন এনার্জি লিমিটেড, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও প্যাসিফিক সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি লিমিটেড। ২০২২ সালের ১০ নভেম্বর প্রকল্পটি শুরু হয়।

অনুষ্ঠান শেষে বুয়েটের ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবনের ছাদে রুফটপ সোলারের প্রকল্প পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথি ও স্টেকহোল্ডাররা।