জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ বলেছেন, ‘প্রতি বছর এনবিআর রাষ্ট্রকে যে পরিমাণ রাজস্বের জোগান দেয়, তার বেশির ভাগই ভ্যাট থেকে আসে।’ ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে গতকাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনবিআর সদস্য আবুল কালাম কায়কোবাদ বলেন, ‘কর সংগ্রহকারী ও প্রদানকারীর দ্বন্দ্ব দীর্ঘদিনের। এরই মধ্যে কর সংগ্রহকারীর অনেক অভিযোগ থেকে বেরিয়ে এসেছি। দ্বন্দ্ব মেটাতে করসংগ্রহ ও করদাতার পারস্পরিক দেখাশোনা সীমিত করেছি। ইনকাম ট্যাক্স অফিসে না এসেই করদাতা বাসায় বসেই আয়কর জমা দিচ্ছেন। এতে করগ্রহীতার বিরুদ্ধে বিগত সময়ে যেসব অভিযোগ উঠত, তা অনেকাংশে কমে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘ভ্যাটের প্রবৃদ্ধি একটি দেশের উত্তরোত্তর অর্থনৈতিক সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের পরিবেশ বিরাজ করছে তারই আলোকে এনবিআর কাজ করে যাচ্ছে।’ তিনি প্রকৃত অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে করদাতাদের যথাযথভাবে ভ্যাট প্রদানের আহ্বান জানান।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল, যশোরের কমিশনার মাসুদ রানা, বেনাপোল কাস্টম হাউজের কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার মুশফিকুর রহমান।
মূল্য সংযোজন কর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সঠিকভাবে ভ্যাট পরিশোধে করদাতাদের উদ্বুদ্ধ করতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।










