বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা একটি বৃত্তের মাঝে আবদ্ধ ছিলাম। সন্ত্রাস, মাদক ও সব অপকর্মকে পরিহার করতে হবে। সুন্দর সমাজ গঠন করার জন্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

গতকাল দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে আয়োজিত হামদ, নাত ও গজল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সংগঠন ভ্যানগার্ড যে উদ্যোগ গ্রহণ করেছে, তা সমাজ ব্যবস্থা পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। এ প্রজন্মের অধিকাংশ মাদকে ডুবে আছে। মাদকের ব্যধিতে বর্তমান প্রজন্ম খুবই ক্ষতিগ্রস্ত। অভিভাবকরা এজন্য চিন্তিত থাকেন। মাদক থেকে সন্ত্রাস, রাহাজানি ও অপকর্ম এমনভাবে হয়েছে যে সমাজটা একটা ট্রমায় পড়ে আছে। যদি এখান থেকে একটি সামাজিক আন্দোলন করে মুক্তি পেতে চাই, তাহলে সে আলো ভ্যানগার্ড আমাদের দেখাবে এবং দেখাচ্ছে।’

ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও রোকন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান, চর মটুয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমেদ আবু তাহের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রমুখ।