ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে ছিটিয়ে রাখা ত্রিভুজ আকৃতির লোহার পাত ছিটিয়ে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অর্ধশত যানবাহন বিকল হয়েছে বলে জানান চালকরা। এ ঘটনায় সন্দেহজনকভাবে এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে।

যানবাহন চালকরা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৯ কিলোমিটার এলাকাজুড়ে লোহার পাত ফেলে রাখা হয়। পাতটি গাড়ির চাকায় ঢুকে অর্ধশত গাড়ি পাংচার হয়ে গেছে।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী লরি চালক জসিম উদ্দিন বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম শহর থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছি। রাত সাড়ে ৮টায় মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারে এলেই একটি চাকা পাংচার হয়ে যায়। পরে সহকারী আলম গিয়ে দেখেন চাকায় ত্রিভুজ আকৃতির একটি ইস্পাতের পাত ঢুকে গেছে। নিজামপুর থেকে ধুমঘাট ব্রিজ পর্যন্ত অসংখ্য গাড়ি এ ঘটনার শিকার হয়েছে।’

দুর্ঘটনার কবলে পড়া গাড়ির মালিক কামরুল ইসলাম চৌধুরী জানান, মহাসড়কে উদ্দেশ্যমূলকভাবে লোহার পাতা ফেলে রাখা হয়েছে। বাড়ি ফেরার পথে আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। পথে দেখলাম আরো ৫০-৬০টি গাড়ির চাকা নষ্ট হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে আছে।

এ ব্যাপারে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পর থেকে মহাসড়কের বিভিন্ন অংশে ত্রিভুজ আকৃতির ইস্পাতের পাত ফেলে রাখা খবর পাওয়া গেছে। সন্দেহভাজন এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করা হয়েছে। ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে।’