অবশেষে পদ্মা সেতুতে রেলপথ বসানোর কাজ শুরু হতে যাচ্ছে। আজ রোববার দুপুরে বাংলাদেশ রেলওয়েকে রেল সংযোগের অনুমতি দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ নাগাদ রেলপথ বসানোর কাজ শুরু করতে চায় রেলওয়ে।
আজ পদ্মা বহুমুখী সেতু ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের একটি যৌথ পরিদর্শক দল প্রকল্প এলাকা পরিদর্শন করেন। মাওয়া প্রান্তের ১ নম্বর পিয়ার থেকে জাজিরা প্রান্তের ৪২ নম্বর পিয়ার পর্যন্ত অংশ পায়ে হেঁটে ঘুরে দেখেন পরিদর্শক দলের সদস্যরা। পুরো সেতু প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। পরিদর্শন শেষে জাজিরা প্রান্তে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রেলপথ বসানোর কাজ শুরুর অনুমতি দেয়া হয়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বণিক বার্তাকে বলেন, আজ থেকে রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষকে সব ধরনের কাজের জন্য অনুমতি দেয়া হয়েছে। পুরো প্রকল্পটির সার্বিক দেখভাল করার দায়িত্ব সেতু কর্তৃপক্ষের কাছেই থাকবে। তবে সেতুর রেলপথটি রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষের আওতায় থাকবে।
সড়ক পথে যান চলাচলের ক্ষেত্রে রেলপথের কংক্রিটিং কাজে কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি আরো বলেন, এখানে কম্পনের মাত্রা মাত্র দশমিক ১৩ পাওয়া গেছে। যা ঝুঁকিপূর্ণ মাত্রার অনেক নিচে রয়েছে। কম্পনের কারণে সেতুতে রেলের কংক্রিট ঢালাইয়ে প্রতিবন্ধকতা তৈরি করবে না। রেলপথ বসানোর কাজ চলাকালে উপরে যান চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে পর্যবেক্ষণ শেষে দ্রুতই সেতুতে রেলপথের কাজ শুরুর কথা জানিয়েছেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙা সেকশনের প্রকল্প ব্যবস্থাপক-১ বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ। তিনি বলেন, আমাদের কাজের অনুমতি দেয়া হয়েছে। আমরা প্রথমে এটিকে পর্যবেক্ষণে নিবো। রেল সংযোগ কাজের গুণগত মান শতভাগ ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।










