চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী পূরবী বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ওয়াকার উদ্দীন আদিল (১২), ৯ম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫) ও অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫)। গুরুতর আহত নবম শ্রেণীর ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) চমেকে চিকিৎসাধীন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সকালে বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন শিক্ষার্থীন চিকিৎসাধীন। ঘাতক বাসটিতে জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষোভ করে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।















