ঢাকার সাভারে রিমন হোসেন নামে কারখানা কর্মী হত্যাকাণ্ডের এক বছর পর হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডাকাতিতে বাধা দেয়ায় নিরাপত্তা কর্মী রিমনকে হত্যা করে ডাকাতরা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত বছরের ৩ আগস্ট সাভারের হেমায়েতপুরে এমই বিডি টেক নামের একটি কারখানায় ডাকাত দল হামলা করে। এ সময় প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী রিমন হোসেন ডাকাতদের বাধা দিলে তারা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। দীর্ঘ তদন্তের পর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত শনিবার পুলিশ হত্যাকাণ্ডে জড়িত মানিক মোল্লাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও হৃদয় আহমেদকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।










