জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ঢাকায় মাইলস্টোন যখন আগুনে পোড়া যাচ্ছিল, তখন সেখানে আওয়ামী লীগ আলু পোড়া দিয়ে খেতে চেয়েছিল।
বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় কুমিল্লায় এনসিপির পদযাত্রা শেষে নগরীর টাউনহল মাঠের শোকসভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনার নিরপেক্ষ তদন্তসহ নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসন ও শিক্ষকদের ওপর নির্যাতনের বিচার দাবি করেন।
আওয়ামী লীগের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সখ্য মেনে নেয়া হবে না উল্লেখ করে হাসনাত বলেন, আপনি বিএনপি করেন সমস্যা নেই, জামায়াতে ইসলামী করেন সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্য কোনোভাবেই মেনে নেয়া হবে না। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ এই কুমিল্লায় বিএনপিকে নির্যাতন করেছে, জামায়াতকে নির্যাতন করেছে। তাই আমরা আপনাদের উদাত্ত আহ্বান করব কুমিল্লা ও বাংলাদেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।
যারা অহংকার করে মাটিতে হাঁটেন, আল্লাহ তাদের অপছন্দ করেন, তাদের ধ্বংস করে দেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, সে কথার প্রমাণ আমরা পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে, কুমিল্লা থেকে বাহার-সূচনাকে উৎখাত করার মধ্য দিয়ে। আমরা প্রেস কনফারেন্সেও দেখেছি, হাসিনা দম্ভ করে বলেছিল, কুমিল্লা নামের আগে যেহেতু ‘কু’ আছে, এই কুমিল্লা নামে বিভাগ হবে না। হাসিনাকে উৎখাত করে আমরা বলছি- বিভাগ হবে, কুমিল্লা নামেই বিভাগ হবে।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহানসহ অন্য নেতারা।










