প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী দিনে বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজারে পরিণত হবে জাপান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, যদি বাংলাদেশের মানবসম্পদকে যথাযথভাবে প্রশিক্ষণ দেয়া যায়, তাহলে বাংলাদেশের জন্য জাপান ‘বন্যার দ্বার’-এর মতো উন্মুক্ত হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এরই মধ্যে জাপানি ভাষা-জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, চলতি বছরে প্রায় তিন হাজার বাংলাদেশি তরুণ জাপানে ভাষা শিক্ষার জন্য এসেছেন। বছর শেষে এই সংখ্যা দশ হাজারে পৌঁছাবে এবং তারা এখানে চাকরি পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

জাপান এখন জনবল নিয়োগের জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মানবসম্পদবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন। সেমিনারের উদ্দেশ্য ছিল জাপানি কোম্পানিগুলোকে জানানো যে বাংলাদেশের কাছে পর্যাপ্ত মানবসম্পদ রয়েছে এবং দেশটি তা জাপানে পাঠাতে প্রস্তুত।

তিনি আরো বলেন, সেমিনারে জাপানের উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন।