বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বটতলা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের হাবুল সরদারের ছেলে উজ্জ্বল সরদার (২৭) ও তার শ্যালক বাকেরগঞ্জের গুয়াখোলা এলাকার জালাল হাওলাদারের ছেলে দ্বীন ইসলাম (১৮)।  নিহত উজ্জলের চাচাতো ভাই নুরে আলম নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। 

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঈদ-উল ফিতরের ছুটি কাটাতে শ্যালক দ্বীন ইসলামকে নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন উজ্জল। পথিমধ্যে মহাসড়কের ইল্লা বটতলা নামক এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের বেপরোয়া একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৭৩৬৪) মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই  দুই আরোহী নিহত হয়। পরে ভুরঘাটা এলাকা থেকে ঘাতক বাসটি আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে

নিহত উজ্জ্বল সরদারের ভাই নূরে আলম বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে নিজের মোটরসাইকেলে শ্যালক দ্বীন ইসলামকে নিয়ে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল সরদার। পথে বেপরোয়া বাসের চাপায় আমাদের ঈদ আনন্দ শেষ। গৌরনদী ফায়ার স্টেশনের অফিসার বিপুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দু্জনের মরদেহ আমরা উদ্ধার করেছি।