প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। আজ দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এ সফর করছেন শেখ হাসিনা। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর। সফরকালে দুই দেশের মধ্যে ১০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে। এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এটি ১৫ দিনের কম সময়ের ব্যবধানে শেখ হাসিনার দ্বিতীয় ভারত সফর। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত ৮ জুন দিল্লি যান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আজ ভারতীয় সময় বিকাল ৪টায় দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা। সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকাল (শনিবার) সকালে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে। সেখানে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন নরেন্দ্র মোদি।

শেখ হাসিনা একই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ে আলোচনার জন্য হায়দ্রাবাদ হাউসে যাবেন। উভয়েই সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর যৌথ বিবৃতি দেবেন দুই প্রধানমন্ত্রী। তারা হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায় যোগ দেবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভারত ত্যাগ করার কথা রয়েছে।