যশোরের চৌগাছা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ঠাণ্ডু বিশ্বাস (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে পাতিবিলা বাজারের হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ঠাণ্ডু উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।
সংঘর্ষে আহতরা হলেন সিদ্দিকুর রহমান, মোমিনুর রহমান, টিটো, অসীম কুমার ঘোষ, মকবুল হোসেন ও আব্দুল হামিদ। আহতদের মধ্যে আব্দুল হামিদকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এবং অসীম ঘোষ ও মকবুল হোসেনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর পুলিশ চারজনকে আটক করেছে। তারা হলেন রুহুল আমিন ওরফে রুলু মেম্বার, কবির, রওশন ও টিটু।
আহত আব্দুল হামিদ জানান, স্থানীয় মর্জাদ বাঁওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। বিরোধের সূত্র ধরে রোববার পাতিবিলা বাজারে একজনকে মেরে আহত করে প্রতিপক্ষ। এ নিয়ে উত্তেজনা চলছিল।
সোমবার সন্ধ্যায় ইউপি সদস্য ঠাণ্ডু বাজারের স্কুল গেটে একটি চা দোকানে চা পান করছিলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি বেধে যায়। একপর্যায়ে ঠাণ্ডুর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। যশোর হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ।










