ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসছে। প্রোগ্রামের নাম পরিবর্তনের পাশাপাশি এবারই প্রথম অন্তর্ভুক্ত হতে যাচ্ছে ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গ কোটা। একই সঙ্গে ভর্তি পরীক্ষার ইউনিটের সংখ্যা পাঁচ থেকে কমিয়ে আনা হচ্ছে চারটিতে। অনলাইনে আবেদন গ্রহণের মধ্য দিয়ে ঢাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় আসন্ন শিক্ষাবর্ষ থেকে ‘স্নাতক (সম্মান)’ প্রোগ্রামের নাম পরিবর্তন করে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। মূলত বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ নামকরণ করা হয়েছে।

এছাড়া সভায় আসন্ন শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গ কোটা চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

বিগত শিক্ষাবর্ষগুলোয় ঢাবিতে ভর্তি পরীক্ষা হতো পাঁচটি ইউনিটে। গতকালের সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ভর্তি পরীক্ষায় ইউনিট থাকবে চারটি ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ ও ‘চারুকলা ইউনিট’।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাবির চারটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে আবেদনকারীদের ২০১৭-২০ সালের মাধ্যমিক (এসএসসি) বা সমমান এবং ২০২২ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার (চতুর্থ বিষয়সহ) জিপিএর যোগফল ন্যূনতম ৮ ও আলাদাভাবে কমপক্ষে ৩ দশমিক ৫ করে থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ ও আলাদাভাবে কমপক্ষে ৩ পয়েন্ট করে থাকতে হবে। ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য এসএসসি-এইচএসসির জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ ও আলাদাভাবে ৩ এবং চারুকলা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫০ ও আলাদাভাবে ৩ থাকতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া চলবে ২০ মার্চ পর্যন্ত। ১৮ এপ্রিল সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এবার ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হবে ‘চারুকলা ইউনিটের’ ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) মধ্য দিয়ে। এরপর ৬ মে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ১২ মে ‘বিজ্ঞান ইউনিট’ ও ১৩ মে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

‘চারুকলা ইউনিট’ ছাড়া অন্য তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে।

সভায় চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৫ মিনিট করে মোট ১ ঘণ্টা ৩০ মিনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। চারুকলা ইউনিটের পরীক্ষায় ৩০ মিনিটে ৪০ নম্বরের বহুনির্বাচনী এবং ৬০ মিনিটে ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার নম্বর ১০০। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে আরো ২০ নম্বর।