রাস্তা বন্ধ করে চলছে কেরানীগঞ্জের
কদমতলীতে আগানগর আমবাগিচা মাঠ পশুর হাট। বাবু বাজার ব্রিজের নিচে প্রায় দুই কিলোমিটার
রাস্তা বন্ধ করে হাট পরিচালনা করছে কর্তৃপক্ষ। এতে তীব্র জানজট সৃষ্টি হয়েছে রাজধানীর
ব্যস্ততম এ প্রবেশ মুখে। ভোগান্তিতে পড়েছে ঘরমুখো যাত্রীসহ স্থানীয়রা।
আজ রোববার (১৬ জুন) সকালে সরেজমিন হাটে
গিয়ে দেখা যায়, বাবু বাজার ব্রিজের নিচে আগানগর রাস্তা বন্ধ করে হাট চলছে। এতে রাজধানীর
প্রবেশমুখসহ যানজট সৃষ্টি হয়েছে আশপাশের সড়ক।
স্থানীয় ব্যবসায়ী করিম মোল্লা বলেন,
‘ব্যবসার কাজে প্রতিদিন বাংলাবাজার যাতায়াত করি। হাট শুরু হওয়ার পর ব্রিজের নিচে রাস্তা
বন্ধ করে দেওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। এখন ব্রিজ পার হতেই ঘণ্টা খানেক সময় চলে যায়।’
রাস্তা বন্ধ করে হাট পরিচালনার বিষয়ে
কথা বলতে ইজারাদার মীর আসাদ হোসেন টিটু ও তার সহযোগী তুষার আহমেদের সঙ্গে বারবার যোগাযোগের
চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
জানা গেছে, আগানগর আমবাগন মাঠে হাট
পরিচালনার জন্য ইজারা দেয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ শুরু থেকেই রাস্তা বন্ধ হাট পরিচালনা
করছে। এ বিষয়ে উপজেলা অফিসে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পায়নি স্থানীয়রা।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা
আবু রিয়াদকে মোবাইল কল ও সংক্ষিপ্ত বার্তা পাঠিয়েও কোনো বক্তব্য সংগ্রহ করা যায়নি।










