নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সত্যিকার অর্থে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য সব জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শুধু ভোটকেন্দ্রে নয়, পরিবার ও সমাজ পর্যায়েও সহায়ক পরিবেশ সৃষ্টির প্রয়োজন রয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুসন অব পারসন উইথ ডিজঅ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অংশগ্রহণ সহজ হয় এমন নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সাইটসেভার্স ইকুয়াল বাংলাদেশ-এর সহযোগিতায় ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশান অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

আগামী নির্বাচনে প্রতিবন্ধী ভোটারসহ সব নাগরিককে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বয়স্ক, শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের জন্যও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তবে পরিবার ও সমাজের সহযোগিতা ছাড়া শুধু ভোটকেন্দ্রের ব্যবস্থা যথেষ্ট নয়।

ইসি সানাউল্লাহ বলেন, আমরা এ বিষয়ে সচেতন। ৩৬ জুলাইয়ের গণআন্দোলনের পর এখন নির্বাচনে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অংশগ্রহণের বিষয়টি সামনে এসেছে, যা আগে প্রায়োরিটি লিস্টের অনেক নিচে ছিল।

তিনি আরো বলেন, সমাজে আমরা এখনো প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারিনি। কমিশনের পক্ষ থেকেও বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া হবে এবং প্রয়োজনে সহায়ক নিয়োগের বিষয় বিবেচনা করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সংবিধানে কোথাও প্রতিবন্ধীদের ভোটাধিকারে কোনো বাধা নেই। আমাদের পক্ষ থেকেও তাদের অংশগ্রহণে কোনো অসুবিধা নেই।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার উল্লেখ করেন, ‘প্রতিটি ভোটকেন্দ্র সহজগম্য হতে হবে, কারণ সবার ভোটাধিকার কখনোই কার্যকর হবে না যদি প্রতিবন্ধী ব্যক্তিরা ভোট দিতে না পারে।’

Screenshot 2025-08-31 171001

সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি- মানবাধিকার, গণতন্ত্র ও জেন্ডার সমতা বিষয়ক পাওলো ক্যাস্ত্রো নেইডারস্ট্যাম প্রতিবন্ধী-অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অগ্রসর করার ক্ষেত্রে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সাইটসেভার্স-এর ক্যাম্পেইন অ্যাডভাইজার আয়ন দেবনাথ ও বিস্ক্যানের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সালমা মাহবুব যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন ইউএনডিপি বাংলাদেশের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং স্পেশালিস্ট আসিম ডিও। সাইটসেভার্স-এর কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও এবং ইউএনডিপি-এর ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আনোয়ারুল হকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।