ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে একই পরিবারের দুজনসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ফেনীর সোনাগাজীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আরো এক যুবক। গতকাল দুপুরে ও আগের দিন এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মেরিনা বেগম (৪৫) ও তার মেয়ে সাথী আক্তার (১৪) ধানখেতে কাজ করছিল। এ সময় বৃষ্টি এলে তারা বাড়ি ফিরছিল। পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যায় দুজনেই। মেরিনা বেগম ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হবিবর রহমান।

অন্যদিকে মাঠে কাজ করছিলেন আবদুল আলীম। দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবদুল আলীমের মৃত্যু হয়।

ফেনীর সোনাগাজীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন জুয়েল বালামী দাস (২১) নামে এক যুবক। শনিবার বিকালে সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাড়াইতকান্দি গ্রামের দাস পাড়ার তপন বালামী দাসের ছেলে।

নিহতের বাবা তপন বালামী দাস জানান, জুয়েল মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়। বিকালে আবুল কাশেম নামে একজন তার ছেলের পড়ে থাকার খবর জানান। পরে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।