বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ তার নামেই মনোনয়নপত্র জমা দেয়া হবে।
বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হবে। দুটিই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে দেয়া হবে। দুটি মনোনয়নপত্র জমা দেয়ার কারণ একটিতে কোনো কারণে ভুল হলে অন্যটি গ্রহণ করা হবে। ইসি সূত্রও জানিয়েছে, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে একাধিক মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ আছে। বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে ইসিতে যাবেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার আগে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে গুরুত্ব পাবে রাষ্ট্রপতি হিসেবে কার মনোনয়নপত্র জমা দেয়া হবে সেই নাম। এছাড়া অন্যান্য বিষয়ে এ বৈঠকে আলোচনা করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট, অর্থাৎ ভোট গ্রহণের দুইদিন আগে।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।
ইসি কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল না হলে ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমবারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ২০ আগস্ট জাতীয় সংসদের সাধারণ ও সংরক্ষিত আসন মিলিয়ে ৩৪৯ জন এমপি ভোট দেবেন। চট্টগ্রাম-৪ আসনে জয়ী প্রার্থীকে আদালত অযোগ্য ঘোষণা করায় আসনটি শূন্য রয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘২০ আগস্ট ভোট হবে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তাদের আসনে বসবেন।’
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল দেয় ইসি।










