বান্দরবানের থানচি-লইক্রী সড়কের ২৭ কিলোমিটার
এলাকা জুড়ে দুই সশস্ত্র সংগঠনের অবস্থানে অভিযান পরিচালনা করছে র্যাব। এ ঘটনায় জনপ্রিয়
পর্যটন এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
জানা গেছে, জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার
ফিল হিন্দাল শারক্কীয়া ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ বা বম পার্টির সঙ্গে
গোলাগুলি হয় র্যাবের।
এ সব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও
গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
তিনি সাংবাদিকদের বলেন, থানচি-লইক্রী সড়কের
২৭ কিলোমিটারের সিলোপিপাড়া এলাকায় জঙ্গি ও কেএনএফের অবস্থান রয়েছে এমন তথ্যে আজ মঙ্গলবার
(৭ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গি
ও কেএনএফ তাদের লক্ষ্য করে গুলি করে, র্যাবের সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি চালায়।
এরপর থেকে থেমে থেমে গুলি চলছিল।
তিনি আরো জানান, দুপুর নাগাদ সন্ত্রাসীদের
গুলি বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই এলাকায় অভিযান পরিচালনা করছে র্যাব।










