আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে যেন হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ শুরু করা হয়, সেজন্য পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থবছরে সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭-এর আওতায় কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়নসংক্রান্ত জেলা কমিটির সভায় তিনি এ তাগিদ দেন।

সভায় জেলা প্রশাসক বলেন, হাওরের অনেক জায়গায় পানি নেমে গেছে আবার অনেক জায়গায় এখনো নামতে দেরি আছে। তাই যেসব হাওরের পানি নেমে গেছে, সেসব হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ যথাসময়ে শুরু করতে হবে। গণশুনানির মাধ্যমে পিআইসি গঠন ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ না করার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

তিনি বলেন, অনেক হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ গত বছর ভালো হওয়ার কারণে এখনো অক্ষত আছে, তাই পিআইসির সংখ্যা কমিয়ে সরকারের অর্থ অপচয় রোধ করতে হবে। স্বচ্ছতার সঙ্গে মানসম্মত টেকসই বাঁধ নির্মাণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মো. জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী-২ মোহাম্মদ সামসুদদোহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফরিদুল হাসান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, হাওর ও পরিবেশ সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুশ পুরকায়স্থ টিটু, এনডিসি রিফাতুল হকসহ জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের উপজেলা উপসহকারী প্রকৌশলীরা।