চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম মো. জানে আলম চৌধুরী (৭০)। শুক্রবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার মৃত হাফেজ আহম্মদের ছেলে।

নিহত জানে আলম চৌধুরীর ভাতিজা সোহেল চৌধুরী বলেন, আমার কাকা খাবার আনার জন্য শুক্রবার সকালে সুফিয়ারোড এলাকায় নূর জাহান ক্লাবের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে রাস্তার অপর পাশে গিয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময়  মহাসড়কের ঢাকামুখী অংশে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আমরা ঘাতক মোটরসাইকেলটিকে আটক করেছি। এ ঘটনায় মোটরসাইকেলের চালক এবং আরোহীও আহত হয়েছেন। তারাও হাসপাতালে চিকিৎসাধীন।

তবে বিষয়টি নিয়ে এখনো কিছু জানেন না জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার। তবে বিষয়টি নিয়ে খোঁজ নেয়ার আশ্বাস দেন তিনি।