দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ছাগলনাইয়া-শ্রীনগর সীমান্ত হাট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। চালুর প্রস্তুতি হিসেবে হাটটি পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, ফেনীর জয়লস্কর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম ও পুলিশ সুপার জাকির হাসান। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তারা হাটটি পরিদর্শন করেন। এসময় তারা হাটের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। 

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, হাটটি দ্রুত চালু করার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত রয়েছে। আশা রাখছি দুই দেশের সরকারের যাবতীয় প্রস্তুতির পর শিগগির হাটটি আবার চালু হবে। তিনি জানান, হাটটি চালুর বিষয়ে হাটের বাংলাদেশ অংশের স্টল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় হবে। ক্রমান্বয়ে হাটটি চালুর বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, মেয়র মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ সীমান্ত অংশের ব্যবসায়ী নেতা নুরুল আফসার, আতাউর রহমানসহ সংশ্লিষ্ট আরও অনেকে। 

উল্লেখ, ২০১৫ সালের শুরুর দিকে ফেনীর ছাগলনাইয়া এবং ভারতের শ্রীনগরে সীমান্ত হাটটি চালু হয়। পরে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় ২০২০ সালের ৩ মার্চ বন্ধ হয়ে যায়।