কুড়িগ্রামের ওপর দিয়ে আবারো মৃদ্যু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। আজ রোববার (২১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দুদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রোববার আবার কমে গেছে। এ কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, জেলার ৯ উপজেলার ১২৪০ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ে ৩৬৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ২২২টি মাদ্রাসার পাঠদান শৈত্য প্রবাহের কারণে বন্ধ রয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক গত বৃহস্পতিবার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চিঠি দেয়া হয়েছে। আমরা প্রতিদিন সকালে আবহাওয়া অফিস থেকে তাপমাত্রার রিডিং নিয়ে থাকি। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সেদিন বিদ্যালয়গুলো বন্ধের ঘোষণা দেই।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, শৈত্য প্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ অব্যাহত থাকবে। তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে উঠলে পরবর্তীতে নতুন নির্দেশনা দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।