পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে মাদার ভ্যাসেল এমভি সাগরকান্তা। এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর ছেড়ে আসে এ জাহাজ।

গতকাল সোমবার (১০ জুলাই) বিকালে ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে বন্দরের আউটারেজে পৌঁছায় সাগরকান্তা।

আজ সকালে এ জাহাজটি বন্দরের ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হয়। বর্তমানে লাইটারের মাধ্যমে কয়লা খালাস চলছে। কিছু কয়লা খালাস শেষে জাহাজটি বিকাল নাগাদ তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসার কথা রয়েছে।

সিঙ্গাপুরের পতাকাবাহী সাগরকান্তর দৈর্ঘ্য ১৯৯ দশমিক ৯৮ মিটার ও প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। কয়লা সংকটের কারণে কিছুদিন বন্ধ থাকা তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ।

তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর পাঁচটি জাহাজে প্রায় ১ লাখ ৯০ হাজার টন কয়লা এসেছে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, বন্দরে একের পর এক জাহাজ আসছে। এ মাসে আমাদের বন্দরে সারবাহী জাহাজ আসার কথা রয়েছে। এমভি সাগরকান্তা সোমবার আউটারে আসে। বন্দরের পাইলট জাহাজটি ইনার অ্যাংকোরেজে নিয়ে এসেছে।