মাদারীপুরের শিবচরে আড়িয়ল খাঁ নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্রী জান্নাতুল আক্তারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৪ মে) দুপুরে শিবচর উপজেলার কলাতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।

জান্নাতুল আক্তার শিবচরের উমেদপুর ইউনিয়নের পূর্বকাচিকাটা গ্রামের রনি ফকিরের মেয়ে। গত শুক্রবার বিকালে সে শিবচরের চরশ্যামাইল গ্রামে ফুপা মনির শিকদারের বাড়িতে বেড়াতে আসে।

শনিবার (৩ মে) দুপুর দেড়টার দিকে বৃষ্টি নামলে জান্নাতুল আক্তার তার ফুপাতো বোন মেঘলা আক্তারের সঙ্গে বাড়ির পাশের আড়িয়ল খাঁ নদে গোসল করতে যায়। গোসল শেষে মেঘলা উপরে উঠলেও জান্নাতুল আক্তার সাঁতার না জানায় নদীর স্রোতে ভেসে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। তবে শনিবার দিনভর চেষ্টা চালিয়েও তার খোঁজ মেলেনি।

পরে রোববার বেলা ১২টার দিকে কলাতলা এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে শিবচর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।