রাজধানীর মালিবাগ এলাকায় একটি হোটেলের গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে মালিবাগ হোসাফ টাওয়ার সংলগ্ন গলির ভেতর শাহজালাল হোটেলে এ ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন-মারুফ হোসেন (১৬) জুলহাস মিয়া (১৭) ও মোহাম্মদ সবুজ (২৪)। তারা সবাই ওই হোটেলের কর্মচারী।
হোটেলের কর্মচারী তৌহিদ জানান, হোটেলের গ্যাস লাইন পাইপের লিকেজ থেকে সৃষ্ট আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলা হয়। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তিন যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত ।










