চট্টগ্রামের বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় অবস্থিত স্টারশিপ কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কারখানাটিতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে বয়লার বিস্ফোরণের ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বায়েজিদ বোস্তামি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ সোহের জানান, সকাল ১১টার দিকে স্টারশিপ কারখানায় বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এদিকে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, কারখানায় বয়লার বিস্ফোরণে সৃষ্ট ধোঁয়ার কারণে কর্মরত তিন শ্রমিক আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতিও বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে এখানে যে শ্রমিক নিহত হয়েছে বলে বলা হচ্ছে সেটি গুজব। কোনো শ্রমিক মারা যায়নি বলে জানান মেয়র।










