উদ্দেশ্যমূলক মামলা দায়ের করাকে ফৌজদারি অপরাধ গণ্য করে হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিংসহ নানা রকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা দায়ের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।
এতে বলা হয়, এসব কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে হুঁশিয়ারি প্রদানসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নিমিত্তে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসব অপতৎপরতাকারীদের বিরুদ্ধে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’–এ অভিযোগ বা তথ্য জানানোর জন্য এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।










