ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও অধিকাংশ পোশাক কারখানা খোলা রয়েছে, শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। এ অঞ্চলে ২০টি কারখানা এখনো বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। এছাড়াও সাধারণ ছুটি রয়েছে ৫টি কারখানায়।এসব কারখানার অধিকাংশ শ্রমিক অসন্তোষ চলাকালীন গত সপ্তাহের বিভিন্ন সময় বন্ধ ঘোষণা করা যা পরবর্তী সময়ে আর খোলা হয়নি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ‘শ্রম আইনের ১৩ (১) ধারায় ২০টি এবং ৫টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিভিন্ন কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকা ছাড়াও অব্যাহত আছে যৌথ বাহিনীর টহল কার্যক্রম।
তিনি আরও বলেন, যেসব কারখানা বন্ধ রয়েছে সেসব কারখানার শ্রমিকরা কারখানার সামনে গিয়ে কারখানা খুলে দেয়ার দাবিতে হৈ চৈ করছেন। আমরা চেষ্টা করছি বিজিএমইএ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে যেন কারখানাগুলো দ্রুত খুলে দেয়া হয়।










