ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর গ্রামে একটি বাড়ির সীমানাপ্রাচীর ভাংচুর করেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় ওই বাড়ির নির্মাণাধীন সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়। ওই বাড়িটি এলাকায় কাঠবাগানবাড়ি (ভক্তবাড়ি) নামে ব্যাপক পরিচিত।  এ ঘটনায় ওই বাড়ির মালিক বিপ্লব কুমার নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী বিপ্লব কুমার ও তার পরিবারের সদস্যরা  বলেন, আমরা আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত নিজস্ব  জমিতে বৃহস্পতিবার সকাল থেকে সীমানাপ্রাচীর নির্মাণ কাজ শুরু করি। বিকাল ৫টা পর্যন্ত ১২০ ফুট দীর্ঘ ও উচ্চতায় আড়াই ফুট প্রাচীর নির্মাণকাজ শেষ করে রাজমিস্ত্রিরা বাড়ি চলে যান। শুক্রবার সকালে গিয়ে দেখি কারা যেন রাতের আঁধারে আমাদের প্রাচীর ভেঙে ফেলেছে। 

নবাবগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, এ ঘটনায়  থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।