খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পুরান বাজারের চৌরাস্তার বেইলি ব্রিজ ভেঙে কাঠবোঝাই ট্রাকসহ তিনটি গাড়ি খালে পড়ে গেছে। গতকাল সকাল ১০টার দিকে কাঠ বোঝাই দুটি ট্রাক ও একটি মাহেন্দ্র ব্রিজের ওপর উঠলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। বন্ধ রয়েছে দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির লংগদু ও মাইনির সড়ক যোগযোগ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।
সড়ক ও জনপথ সূত্র জানায়, অতিরিক্ত মালামাল নিয়ে ব্রিজের ওপর যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে একসঙ্গে দুটি কাঠবোঝাই ট্রাক একই সময়ে ওঠায় তা ভেঙে পড়েছে। চালকের গাফিলতির কারণে ব্রিজটির ব্যাপক ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে কারিগরি দল পাঠানো হয়েছে। মেরামতের কাজ শুরু করেছে। ব্রিজটি দিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করতে পাঁচ-সাতদিন সময় লাগবে। তবে আমরা চেষ্টা করছি দ্রুতই যান চলাচল স্বাভাবিক করতে।










