গাজীপুরের শ্রীপুরের একটি মাদরাসায় বেঞ্চে বসা নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতের শিকার হয়েছে পাঁচ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদরাসায় এ ঘটনা ঘটে। আহত ও অভিযুক্ত সবাই ওই মাদরাসার শিক্ষার্থী।

আহতরা জানায়, মাদরাসায় চূড়ান্ত পর্বের পরীক্ষা চলছে। গতকাল বুধবার পরীক্ষার হলের বেঞ্চে বসা নিয়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে ঝগড়া হয়। পরে শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। আজ দুপুর ১২টার দিকে মাদরাসায় যায় নবম শ্রেণীর ওই শিক্ষার্থী। এ সময় বাকিরা পরীক্ষা শেষে বের হচ্ছিল। এক পর্যায়ে নবম শ্রেণীর শিক্ষার্থী ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে। এতে পাঁচজন আহত হয়।

ঘটনার পর আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন জামান বলেন, পাঁচ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। যেহেতু এটা আমলযোগ্য অপরাধ, তাই অভিযোগ না পেলেও তদন্ত কার্যক্রম শুরু করেছি।