বাধাহীনভাবেই ফ্রেঞ্চ ওপেনে নিজের দ্বিতীয় শিরোপা জিতলেন পোলিশ সেনসেশন ইগা সিয়ানতেক। গতকাল ফাইনালে আমেরিকান টিনএজ কোকো গাফকে সরাসরি ৬-১, ৬-৩ গেমে হারান তিনি। এটা রোলাঁ গারোঁয় সিয়ানতেকের দ্বিতীয়, আর সব মিলিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।

গতকালের সাফল্যে ডব্লিউটিএতে চলতি শতাব্দীতে টানা সর্বোচ্চ জয়ের রেকর্ডটা ছুঁয়ে ফেলেছেন সিয়ানতেক। তিনি ছাড়া টানা ৩৫টি জয় আছে যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসের। সব মিলিয়ে টানা জয়ের রেকর্ডটা আমেরিকান-চেক গ্রেট মার্টিনা নাভ্রাতিলোভার (৭৪ ম্যাচ)।

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম খেলতে নেমে বেশ স্নায়ুচাপে ভুগেছেন ১৮ বছর বয়সী কোকো। তার পুরো সদ্ব্যবহার করেন সিয়ানতেক, যিনি ২০২০ সালে রোলাঁ গারোঁয় প্রথম শিরোপা জয় করেন। নারীদের টেনিসে সম্প্রতি র্যাংকিংয়েও এক নম্বরে উঠেছেন ২১ বছর বয়সী পোলিশ তারকা। টানা পাঁচটি শিরোপা জিতে তিনি ফ্রেঞ্চ ওপেন খেলতে নামেন। দুর্দান্ত ফর্ম ধরে রেখে প্যারিসের ক্লে কোর্টে শিরোপার স্বাদও পেলেন। এ লাস্যময়ী সর্বশেষ ৫৬ সেটের মধ্যে ৫৪টি জিতেছেন। আর এ নিয়ে নয়টি ফাইনালেও তিনি অপরাজিত থাকলেন।

জয়ের পর উচ্ছ্বসিত সিয়ানতেক বলেন, দুই বছর আগে এখানে শিরোপা জয় ছিল অভাবনীয় এবং প্রত্যাশাও ছিল না আমার। এবার এখানে আসার আগে আমি কঠোর পরিশ্রম করেছি এবং সম্ভাব্য সবকিছুই করেছি। চাপ অনেক বেশিই ছিল, যদিও আমি পেরেছি। বিবিসি