গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্বজুড়ে শিক্ষার্থীদের নোবেল পুরস্কার নামে পরিচিত ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস ২০২৫-২৬-এর গ্র্যান্ড ফিনালে। গাকৃবিতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত তরুণদের নেতৃত্বে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান উদ্ভাবনই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। গত মঙ্গলবার সন্ধ্যায় গাকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

গতকাল গাকৃবির জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. রনি ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। এ সময় হাল্ট প্রাইজ ন্যাশনাল টিম থেকে উপস্থিত ছিলেন রুদ্রনীল মণ্ডল।

ফ্রেশ অনন্যার সৌজন্যে মাসব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয়টি দল টিম এভেনলো, টিম কার্বোডিট, টিম ইকোফিনস, টিম রেসকিউ হারভেস্ট, টিম কর্নোভা ও টিম সেলুথিয়া তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নে টিম রেসকিউ হারভেস্ট চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে টিম এভেনলো প্রথম রানার্সআপ এবং টিম কার্বোডিট দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভাইস চ্যান্সেলর।