আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ঢাকার দুই সিটির নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। কিন্তু বিএনপি এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আগে থেকেই কারচুপিসহ নানা অভিযোগ তুলে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। গতকাল বিকালে সিরাজগঞ্জের কাজীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও পৌর মেয়র নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিম বলেন, পঁচাত্তরের পর আওয়ামী লীগের দুঃসময় পার করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে দলের দায়িত্ব গ্রহণের পর আবারো দলকে শক্তিশালী কাঠামোতে দাঁড় করিয়েছেন। দলকে সুসংগঠিত করে তিনি নবমবার সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি দেশে ও বিদেশে বিরল সম্মান অর্জন করেছেন। বঙ্গবন্ধুর পর আওয়ামী লীগে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। মৃত্যুঝুঁকি নিয়ে তিনি সাহসিকতার সঙ্গে দেশের উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন।