সড়ক দুর্ঘটনায় চার জেলায় সাতজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাতে ও গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিলেটে দুজন, চাঁপাইনবাবগঞ্জে দুজন, ফরিদপুরে দুজন ও গোপালগঞ্জে একজন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
সিলেট: বৃহস্পতিবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদীনা মার্কেট এলাকায় ব্যাংক কর্মকর্তা গালিব আহমদ ও মকসুদ আহমদ দুর্ঘটনার কবলে পড়েন। তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি কুকুর মোটরসাইকেলের সামনে পড়ে। কুকুরটিকে বাঁচাতে গালিব ব্রেক করলে পেছনে বসে থাকা মকসুদ ছিটকে পড়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এসআই জাফর ইমাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মকসুদ আহমদ (৫০) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরীর মইয়ারচর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে।
অন্যদিকে জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে পাথরবোঝাই ট্রাকচাপায় নাইম আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, গতকাল বেলা আড়াইটায় ঢাকা হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে। সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাক ওভারটেক করতে গেলে চাপা পড়েন নাইম আহমেদ। গুরুতর আহতাবস্থায় তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহবাজপুর ইউনিয়নের ইদ্রিস আলীর ছেলে মো. ফানু (৪৫) ও একই গ্রামের হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৫৫)।
স্থানীয়রা জানায়, কানসাট বাজার থেকে সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ে দাইপুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে যাচ্ছিলেন তারা। শাহবাজপুর ইউনিয়নের সোনাপুরে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। রাস্তা ধসে যাওয়ার কারণে ট্রাকচালক ভারসাম্য হারিয়ে ফেলেন। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফানু ও খুদু প্রাণ হারান।
ফরিদপুর: জেলার ভাঙ্গায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সুয়াদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা গ্রামের জিল্লুর মাতুব্বরের ছেলে বাবু মাতুব্বর (২২) এবং একই ইউনিয়নের চাংড়া গ্রামের সাত্তার মাতুব্বরের ছেলে প্রবাসী ওবায়দুল রহমান (৩০)। আহত আব্দুর রহিম মাতুব্বরের বাড়ি চাংড়া গ্রামে।
গোপালগঞ্জ: বাসের ধাক্কায় মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা মাইক্রোবাস ও বাসের যাত্রী ছিলেন।










