উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে নেত্রকোনার গোমাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানির চাপে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এসব অঞ্চলের কৃষক। পানি বাড়লে ক্ষেতের ফসলের আরো ক্ষতি হবে বলে আশঙ্কা তাদের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পাঠানপাড়া জাইকার ফসলরক্ষা বাঁধ ভেঙে মান্দারউড়া বিল, দশধার, দলপুর, নিছিনপুরসহ বেশ কয়েকটি গ্রামের বিলে পানি প্রবেশ করছে। এতে করে ঐ এলাকার পাকা বোরো ধান তলিয়ে গেছে। স্থানীয়রা বলছেন, এসব হাওরের ১৫ থেকে ২০ শতাংশ ধান এখনো কাটা হয়নি। ফলে অতিরিক্ত মূল্য দিয়ে শ্রমিকের মাধ্যমে হাওরের পাকাধান কাটার চেষ্টা করছে কৃষকরা।

কৃষি বিভাগ বলছে, এসব হাওরের ৮০ শতাংশ ধান কাটা হয়েছে। হাওরের পানি আসাতে ধান ক্ষেতে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে ধান গুলো কাটতে কৃষকদের সমস্যা সৃষ্টি হচ্ছে। দ্রুত এসব ধান কাটার পরামর্শও দিয়েছেন তারা।

কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহম্মদ বলেন,উপজেলার পোগলা ইউনিয়নের পাঠানপাড়া জাইকার ফসলরক্ষা বাঁধ ভেঙে গেছে।এতে ৪৮০ হেক্টরের মধ্যে ৮০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।পানি থাকায় হারভেস্টার দিয়ে ধান কাটা যাচ্ছে না। এ বিষয়ে জাইকার তত্ত্বাবধানে থাকা নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগ (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম শেখ জানান, বাঁধটি আমাদের না কি পানি উন্নয়ন বোর্ডের তা দেখতে হবে। বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখছি।