পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন এবং গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন।
মুজিব শতবর্ষ উপলক্ষে বড়লেখা উপজেলার সর্বশেষ হালনাগাদকৃত ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে শতভাগ পুনর্বাসনের মাধ্যমে বড়লেখা উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত যৌথসভায় ঢাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ ঘোষণা দেন। বড়লেখা উপজেলার ৪৩৫টি পরিবারকে গৃহনির্মাণ করে দেবেন বলে পরিবেশমন্ত্রী এ ঘোষণা দেন।
মো. শাহাব উদ্দিন বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার জন্য স্থানীয় জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে জাতির পিতার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী। বড়লেখার মতো একটি সীমান্তবর্তী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা একটা যুগান্তকারী ঘটনা।’
সরকারের উপহারপ্রাপ্ত গৃহে বসবাসরত মানুষের জীবনমানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি মন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এসব জনগণের পাশে আছেন তাই তাদের জন্য সবকিছু করতে আপনারা সচেষ্ট থাকবেন।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ।
মন্ত্রী এরপর জুড়ী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলকক্ষে অনুষ্ঠিত যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হন। এ উপজেলায় ৪৭৩টি পরিবারকে পুনর্বাসনের কাজ শেষ পর্যায়ে থাকায় পরবর্তী সময়ে জুড়ী উপজেলাকে ভূমিহীন ঘোষণা করা হবে বলে মন্ত্রী জানান।










